
দীর্ঘ ১১ বছর পর দিগন্ত টিভির সম্প্রচার পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চ্যানেলটির ওপর আরোপিত সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের একটি কর্মসূচি কেন্দ্র করে বিদ্বেষ ছড়ানো ও দায়িত্বহীন আচরণের অভিযোগ এনে তৎকালীন আওয়ামী লীগ সরকার দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেয়।
দিগন্ত মিডিয়া করপোরেশন লিমিটেডের (দিগন্ত টিভি) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করলে, মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়, দিগন্ত টিভির সম্প্রচার কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি প্রদান করা হয়েছে।
চ্যানেলটি বন্ধ করার সময় তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “দিগন্ত টিভি সহ কিছু চ্যানেল বিদ্বেষ ছড়ানো ও গুজব রটিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, যা অপরাধমূলক। তাই তাদের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।” এর পর থেকেই চ্যানেলটি বন্ধ ছিল।























