
মেসিহীন ইন্টার মায়ামি লিগস কাপে কলম্বাস ক্রুর বিপক্ষে ৩-২ গোলের পরাজয়ের মাধ্যমে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। গত মৌসুমে লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে ইন্টার মায়ামি লিগস কাপের শিরোপা ঘরে তুলেছিল, যেখানে মেসি ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন।
তবে এবারের লিগস কাপে মেসিকে দলে না পাওয়ায় মায়ামি অনেকটাই দুর্বল হয়ে পড়ে। কোপা আমেরিকা খেলতে গিয়ে ইনজুরিতে পড়ার কারণে মেসি লিগস কাপে অংশ নিতে পারেননি। তার অনুপস্থিতিতে মায়ামির খেলায় সেই আগের জৌলুস দেখা যায়নি, এবং তারা টুর্নামেন্ট থেকে দ্রুতই ছিটকে যায়।
ম্যাচের ১০ মিনিটেই প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে যায় মায়ামি। ৬২ মিনিটে দিয়েগো গোমেজ গোল করে মায়ামির লিড দ্বিগুণ করেন। কিন্তু এরপরই কলম্বাস ক্রুর দারুণ প্রত্যাবর্তন শুরু হয়। মাত্র ৩ মিনিটের ব্যবধানে কলম্বাস দুইটি গোল করে সমতায় ফিরে আসে। ৬৭ মিনিটে ক্রিস্টিয়ান রামিরেজ এবং ৬৯ মিনিটে দিয়েগো রসি গোল করে কলম্বাসকে সমতায় ফেরান। এরপর ৮০ মিনিটে রসির দ্বিতীয় গোল কলম্বাসের জয় নিশ্চিত করে।
এই জয়ের ফলে কলম্বাস ক্রু কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে, যেখানে তারা নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলবে। অন্যদিকে, মেসির অনুপস্থিতিতে হতাশাজনকভাবে লিগস কাপ থেকে বিদায় নিতে হলো ইন্টার মায়ামিকে।























