
ধানমন্ডির ৩২ নম্বর বাসার সামনে ও আশপাশের এলাকায় শোক দিবস পালনে বাধা দেওয়ার জন্য লাঠিসোঁটা নিয়ে একদল মানুষ অবস্থান নিয়েছে। সকাল থেকেই ওই বাড়ির সামনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের মারধর ও লাঠিপেটা করার ঘটনা ঘটেছে।

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আসার কথা থাকলেও, কেউ সেখানে আসতে পারেননি। গতকাল বুধবার মধ্যরাত থেকেই ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে রেখেছে।
সরেজমিনে দেখা যায়, শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর পর্যন্ত বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছে। কিছুক্ষণ পর পর তারা মিছিল নিয়ে বের হয় এবং ধানমন্ডি ২৭ ঘুরে আবার ৩২ নম্বর বাসার সামনে জড়ো হয়। সড়কের দুই পাশে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, যার ফলে কেউ সহজে সেখানে প্রবেশ করতে পারছে না।

অবস্থানকারীরা সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি করছে, বিশেষ করে কালো পাঞ্জাবি পরিহিত ব্যক্তিদের। অনেকের মোবাইল ফোন তল্লাশি করে ভিডিও ডিলিট করানো হয়েছে।
অবস্থানকারীদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও রয়েছেন। যারা ফুলের তোড়া নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছিলেন, তাদেরও মারধর করা হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ৩২ নম্বরের সামনে ও আশপাশে অবস্থান করছেন।
আজ বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে সারা দেশে ‘সর্বাত্মক অবস্থান কর্মসূচি’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।























