
যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি সম্প্রদায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ২৮০,০০০ বাংলাদেশি বসবাস করছে বলে অনুমান করা হয়েছে। ২০২০ সালের সর্বশেষ মার্কিন জনশুমারি অনুসারে, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনিদের সংখ্যা ছিল ২,৬১,৮৮৫ জন। যদিও অনানুষ্ঠানিক হিসেবে এটি অর্ধ মিলিয়নেরও বেশি হতে পারে।
বিশ্বের ৪র্থ বৃহত্তম প্রবাসী জনগোষ্ঠী হিসেবে বাংলাদেশের প্রায় ১.৩ কোটি মানুষ দেশের বাইরে বসবাস করছেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসী স্টক প্রতিবেদনে বলা হয়েছে, ৭৪ লাখ ১ হাজার ৭৬৩ জন বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছে।
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনিরা প্রধানত উত্তর-পূর্ব, মিড-অ্যাটলান্টিক এবং গ্রেট লেকস অঞ্চলের মেট্রোপলিটন এলাকাগুলিতে কেন্দ্রীভূত। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে নিউইয়র্ক, ডেট্রয়েট, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া এবং আটলান্টায় বেশ বড় বাংলাদেশি কমিউনিটি রয়েছে। ছোট ছোট কমিউনিটি রয়েছে টেক্সাস, ক্যালিফোর্নিয়া এবং নেভাদার মতো রাজ্যগুলোতে।
নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে প্রায় ৯৩,০০০ জন রয়েছে। আনুমানিকভাবে ডেট্রয়েটে ১৪,০০০ জন, ওয়াশিংটনে ১১,০০০ জন এবং লস অ্যাঞ্জেলেসে ৯,০০০ জন বাংলাদেশি বসবাস করছে।























