
অনুরুপ দাশ টিটু, ফিনল্যান্ড থেকে
ফিনল্যান্ডের কেরাভা শহরে ‘উসিমা স্পোর্টিং’ দলের আয়োজনে ফিনল্যাণ্ড হতে প্রকাশিত সংবাদ২১ডটকম-এর সহযোগী প্রতিষ্ঠান ফিন-বাংলা বায়োটেক লিমিটেড, পাম ও বাংলা বাজারের পৃষ্ঠপোষকতায় বিপুল উৎসাহ উদ্দীপনায় গত ১৮ আগস্ট অনুষ্ঠিত হয়ে গেল দেশটিতে বসবাসরত বাংলাদেশীদের ফুটবল আসর ‘ফিন-বাংলা ফুটবল টুর্নামেন্ট ২০২৪’।
টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় ‘ডোমাস তাম্পেরে’ দলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘সবুজ বাংলা’ দল।
ফাইনাল খেলা নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে শেষ হয়। তারপর অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে ব্যর্থ হলে খেলার নিয়ম অনুযায়ী টাইব্রেকারে খেলার নিষ্পত্তি হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন ফিনিশ সংসদের সদস্য এমিলি পেলতোনেন।
এ সময় উপস্থিত ছিলেন কেরাভা শহরের চেয়ারম্যান আন্নে কারিয়ালাইনেন, ফিন-বাংলা বায়টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইন্টারন্যাশনাল জার্নালিস্ট নেটওয়ার্ক অব ইউরোপের (আইজেএনই) সভাপতি ভূইয়াঁ এন জামান, ভান্তা শহরের কাউন্সিলর জনাব ফয়সাল আব্দি এবং কেরাভা শহরের কাউন্সিলর শামসুল আলম, দেশী বাজারের সত্ত্বাধিকারী নুরুল আলম প্রমুখ।
আয়োজক কমিটির পক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন মাসুদুল হক।
এবারের আয়োজনে ফিনল্যান্ডের প্রায় সব বড় শহর থেকে ১৬টি দল অংশ নেয়।
ফিন-বাংলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে কেরাভা শহর প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হয়। খেলার পাশাপাশি মুখরোচক বাংলাদেশী খাবারের পসরাও নিয়ে বসেন প্রবাসীরা।























