
রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেয়া হয়েছে। আজ রোববার (২৫ আগস্ট) সকাল ৮টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি ছেড়ে দেয়া শুরু হয়। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার রাত ১০টায় কাপ্তাই বাঁধের জলকপাটগুলো খোলার পরিকল্পনা ছিল, কিন্তু পানির প্রবাহ কম থাকার কারণে এবং রাতের যেকোনো পরিস্থিতি এড়াতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আজ সকালে গেটগুলো খোলা হয়।
কাপ্তাই লেক থেকে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। তবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিদ্যুৎকেন্দ্রটির ধারণ ক্ষমতা ১০৯ ফুট। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানির স্তর বিদ্যুৎকেন্দ্রের বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এ টি এম আবদুজ্জাহের বলেন, “স্পিলওয়ের ১৬টি গেটের প্রতিটি ৬ ইঞ্চি করে খুলে পানি ছাড়া হচ্ছে। তবে পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে গেটগুলো আরও বেশি খোলা হবে।”























