
পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ আবারও বাংলাদেশে আসছে। ‘আদাত’ এবং ‘সাজনি’ এর মতো হিট গান দিয়ে শ্রোতাদের মন জয় করা ব্যান্ডটি ১৪ বছর পর ঢাকার মঞ্চে ফিরছে। এই খবরটি নিশ্চিত করেছেন ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট গহর মমতাজ।
গত শুক্রবার গহর মমতাজ নিজের ফেসবুক পেজে একটি কনসার্টের ছবি শেয়ার করে লিখেছেন, “হ্যালো বাংলাদেশ। শিগগির দেখা হচ্ছে।” পোস্টটিতে টিকিটের একটি লিংকও শেয়ার করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০১০ সালে প্রথমবারের মতো ঢাকায় পারফর্ম করেছিল জাল। এরপর দীর্ঘ ১৪ বছর তারা বাংলাদেশে কোনো কনসার্টে অংশ নেয়নি। বিরতি ভেঙে তারা আবারও ঢাকার দর্শকদের জন্য পারফর্ম করতে আসছে।
জানা গেছে, ব্যান্ডটি আগামী ২৭ সেপ্টেম্বর ‘লেজেন্ডস অফ দ্য ডিকেড’ শিরোনামের কনসার্টে পারফর্ম করবে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে পূর্বাচলের ঢাকা অ্যারেনায়, সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্ট।
ইতিমধ্যে গেট সেট রকের ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়েছে, যেখানে টিকিটের দাম ৩,০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
কনসার্টটিতে জালের পাশাপাশি আরও কিছু দেশীয় শিল্পীও পারফর্ম করবেন। তবে আয়োজকেরা এখনও অন্য পারফর্মারদের নাম ঘোষণা করেননি।























