
এবার বাংলাদেশের চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গ্রুপ এস আলম-এর দখলমুক্ত করা হলো সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) যেটি এ গ্রুপ দখলে নিয়েছিল ২০১৭ সালে।
এসআইবিএল-এর সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মো. রেজাউল হককে পরিচালক ও চারজনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
মো. রেজাউল হক এই ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ারধারী।
নতুন স্বতন্ত্র পরিচালকরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সের অধ্যাপক এম সাদিকুল ইসলাম, রূপালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার এবং হিসাববিদ মো. আনোয়ার হোসেন।
নতুন এই পরিচালকদের মধ্য থেকে এসআইবিএল-এর নতুন চেয়ারম্যান নিয়োগ করা হবে।
রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নেয়।
তাদের আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত করা ও জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠনের জন্য পাঁচজনকে পরিচালক ও স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে যে সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।























