
নোয়াখালীর কোম্পানীগঞ্জে তীব্র পানির চাপে মুছাপুর স্লুইসগেট ভেঙে পড়েছে, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। তাদের শঙ্কা, এ ভাঙনের ফলে নোয়াখালী ও ফেনীর কিছু কিছু জায়গায় জোয়ারের পানি প্রবেশ করতে পারে। সোমবার (২৬ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভারতের উজানের ঢল ও ভারি বর্ষণের কারণে ফেনীর মুহুরী নদী হয়ে আসা পানি কোম্পানীগঞ্জের মুছাপুর স্লুইসগেটের ২৩টি গেট দিয়ে বঙ্গোপসাগরে চলে যেত। কিন্তু সোমবার সকালে তীব্র পানির চাপে স্লুইসগেটের সবকটি গেট ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দা তাসিব বলেন, “মুছাপুর ক্লোজারের স্লুইসগেট ভেঙে গেছে। আগে ভাটার সময় গেট খুলে দিলে ফেনী ও নোয়াখালীর বন্যার পানি সাগরে চলে যেত, আর জোয়ারের সময় গেট বন্ধ করে সাগরের পানি ঢোকা আটকানো হতো। কিন্তু গেট ভেঙে যাওয়ায় ফেনী-নোয়াখালীর মানুষের জন্য বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। এখন জোয়ার এলেই পানি উল্টো ঢুকবে।”
মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, “তীব্র পানির চাপে রেগুলেটর ভেঙে গেছে। মুছাপুর ক্লোজার শেষ। স্থানীয় মানুষজন কান্নাকাটি করছে। সবাই অসহায় হয়ে পড়েছে। জোয়ার হলে পুরো কোম্পানীগঞ্জ ভেসে যাবে। আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর আর কোনো উপায় নেই।”
পানি উন্নয়ন বোর্ড (পাউবি) নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, “আমরাও বিষয়টি জেনেছি। রেগুলেটরের ২৩টি গেট দিয়ে প্রচুর পানি নেমেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”























