
বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন এবার অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে দল পেয়েছেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭.৭৬ ইকোনমিতে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন তিনি। এই পারফরম্যান্সের পর এবার বিগ ব্যাশের নিলামে প্রথমবার অংশ নিয়ে হোবার্ট হ্যারিকেন্স দলে টেনে নিয়েছে রিশাদকে।
রোববার অনুষ্ঠিত নিলামে ২৮ নম্বর ডাকে রিশাদকে দলে ভেড়ায় হোবার্ট হ্যারিকেন্স। এর মাধ্যমে রিশাদ বিগ ব্যাশে খেলার সুযোগ পাওয়া দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা করে নিলেন। এর আগে, সাকিব আল হাসান একমাত্র বাংলাদেশি হিসেবে এই প্রতিযোগিতায় খেলেছেন।
এবারের বিগ ব্যাশে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন মোট ৯ জন বাংলাদেশি ক্রিকেটার। রিশাদ হোসেন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে ৬ থেকে ৯টি ম্যাচ এবং ফাইনালে খেলবেন। এই দলে রিশাদের সতীর্থ হিসেবে থাকবেন ম্যাথু ওয়েড, নাথান এলিস, এবং ক্রিস জর্ডানের মতো তারকা ক্রিকেটাররা।























