
ইতালি প্রাচীনকাল থেকে শিল্প ও সংস্কৃতির জন্য বিখ্যাত। কিন্তু দেশটি আজ এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি। যখন পর্যটকরা রোমের প্রাচীন স্থাপত্য কিংবা ভেনিসের মনোরম জলপথে মুগ্ধ হয়, তখন দেশটির তরুণ সমাজের এক বিশাল অংশ ভবিষ্যতের অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। বিশেষত, ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। বিশ্বের অনেক দেশ যখন অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে, তখন ইতালির তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে দিশেহারা।
২০২৪ সালের মার্চ মাসে ইতালির তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল ২২.৮ শতাংশ। এই সংকট শুরু হয়েছিল ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার সময় থেকে। যদিও এই মন্দা ইতালির সামগ্রিক কর্মসংস্থানকে বড় ধরনের ধাক্কা দিয়েছিল, তরুণদের ওপর এর প্রভাব ছিল সবচেয়ে ভয়াবহ। ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে ১৫ থেকে ২৪ বছর বয়সী বেকারদের সংখ্যা ১৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়। ২০১৪ সালের পর থেকে কিছুটা কমতির দিকে থাকলেও, ২০২০ সালেও প্রায় ৩০ শতাংশ ইতালিয়ান তরুণ বেকার ছিলেন।

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক হয়ে অনেক তরুণ চাকরির জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু তাদের বেশিরভাগই কর্মসংস্থানের স্থবিরতার কারণে বড় ধরনের সমস্যায় পড়েন। statista.com এর সাম্প্রতিক এক জরিপে প্রায় ৪৮ শতাংশ তরুণ ইতালিয়ান জানান, তারা এমন চাকরিও গ্রহণ করতে রাজি যা তাদের ক্যারিয়ারের আকাঙ্ক্ষার সাথে মেলে না। এমনকি এক চতুর্থাংশ তরুণ মাত্র ৫০০ ইউরোর মাসিক বেতনে কাজ করতে প্রস্তুত।
২০২৩ সালের আগস্টে ইতালি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে পঞ্চম সর্বোচ্চ তরুণ বেকারত্বের হারের দেশ ছিল। শীর্ষে ছিল স্পেন, যেখানে চারজনের মধ্যে একজনেরও বেশি তরুণ বেকার ছিলো। তরুণদের কর্মসংস্থান নিয়ে ইতালির এই সংকট দেশটির অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সঠিক পদক্ষেপ না নিলে, এই সংকট ভবিষ্যতে আরও গুরুতর রূপ নিতে পারে।























