
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবানের বাড়িতে অভিযান চালিয়েছে দেশটির ফেডারেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয়, যা নিয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ নিউইয়র্কের পুলিশ বিভাগের কমিশনার এডওয়ার্ড ক্যাবানের বাড়িতে অভিযান চালায়। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) এ বিষয়ে জানায় যে, নিউইয়র্কের দক্ষিণ জেলায় মার্কিন অ্যাটর্নি অফিসের একটি তদন্ত চলছে, যেখানে এনওয়াইপিডির সদস্যরাও জড়িত।
এই অভিযানে নিউইয়র্কের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বাড়িতেও তল্লাশি চালানো হয়, যার মধ্যে ছিলেন ফার্স্ট ডেপুটি মেয়র শিনা রাইট এবং ডেপুটি মেয়র ফর পাবলিক সেফটি ফিলিপ ব্যাঙ্কস। তাদের বাড়িতে মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এফবিআই ও মার্কিন অ্যাটর্নি অফিস অভিযানে অংশ নিলেও, তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। এখনো এই অভিযানের আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে, এটি এনওয়াইপিডি কর্মকর্তাদের ইলেকট্রনিক ডিভাইস সংক্রান্ত তদন্তের অংশ হতে পারে।
এডওয়ার্ড ক্যাবান, ২০২৩ সাল থেকে এনওয়াইপিডির প্রথম ল্যাটিনো পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাকে মেয়র এরিক অ্যাডামসের ঘনিষ্ঠ সহযোগী বলে মনে করা হয়।























