
সেলেনা গোমেজ তার দীর্ঘ সাফল্যের তালিকায় নতুন একটি অর্জন যোগ করেছেন—তিনি এখন বিলিয়নেয়ার। ৩২ বছর বয়সী এই অভিনেত্রী, গায়িকা, বিনিয়োগকারী এবং উদ্যোক্তা সম্প্রতি ১.৩ বিলিয়ন ডলারের নেট সম্পত্তি অর্জন করেছেন, যা তাকে যুক্তরাষ্ট্রের অন্যতম তরুণ স্ব-নির্মিত বিলিয়নেয়ার বানিয়েছে।
গোমেজের বিপুল সম্পত্তির বেশিরভাগ অংশ এসেছে তার বিখ্যাত মেকআপ ব্র্যান্ড ‘রেয়ার বিউটি’ থেকে, যা পাঁচ বছর আগে চালু হয়েছিল এবং বিশেষভাবে ইনফ্লুয়েন্সার ও তরুণীদের মধ্যে জনপ্রিয়। এছাড়া, রয়েছে গান, ব্র্যান্ড পার্টনারশিপস, অভিনয় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আয় করা অর্থ।

ইনস্টাগ্রামে তার ৪২৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে। তার উপরে আছেন দুই ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। এই জনপ্রিয়তা তাকে পুমা এবং কোচের মতো বড় ব্র্যান্ডগুলোর সাথে বিশাল অ্যানডোর্সমেন্ট ডিল এনে দিয়েছে।

সেলেনা গোমেজ ২০২০ সালে বাইপোলার ডিসঅর্ডার নিয়ে খোলামেলা আলোচনা করেছিলেন এবং পরে জানান যে, তার সঙ্গে যেকোনো চুক্তির মধ্যে ‘চ্যারিটেবল’ বা ‘মেন্টাল হেলথ’ সংক্রান্ত উপাদান থাকতে হবে। তিনি মেন্টাল হেলথ সেবা নিশ্চিত করতে $১০০ মিলিয়ন তহবিল সংগ্রহের জন্য রেয়ার ইমপ্যাক্ট ফান্ড শুরু করেছেন।
অতিরিক্ত আয়ের উৎস হিসেবে রয়েছে তার হুলু শো “ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং”, যা সাম্প্রতিক সিজনে প্রতি মৌসুমে $৬ মিলিয়ন উপার্জন করছে এবং তার সঙ্গীত রয়েল্টি থেকেও কিছু আয় হচ্ছে।























