
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানী ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীও আত্মগোপনে ছিলেন।
এদিকে, ‘অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে’ সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকেও গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝিনাইদহ জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
তারা দু’জন ঢাকা মহানগর পুলিশের আদাবর ও গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার পৃথক দু’টি হত্যা মামলার এজারভুক্ত আসামি।























