
মাঠের ফুটবল নৈপুণ্যে বহু রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের এই মহাতারকা বর্তমানে আল নাসরের হয়ে গোলের ঝড় তুলছেন। সম্প্রতি সিআর সেভেন ফুটবল ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম অ্যাথলেট হিসেবে ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারীর মাইলফলক স্পর্শ করে অনন্য রেকর্ড গড়লেন তিনি।
রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয় রয়েছেন। সম্প্রতি ইউটিউবে নিজের চ্যানেল খুলেছেন, যা দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এবার সব প্ল্যাটফর্ম মিলিয়ে ১ বিলিয়ন অনুসারী স্পর্শ করে নতুন ইতিহাস গড়লেন আল নাসরের এই তারকা।
রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারীদের মধ্যে রয়েছে— ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইউটিউবসহ আরও বেশ কিছু প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রামে রোনালদোর অনুসারীর সংখ্যা ৬৩৮ মিলিয়নের উপরে, ফেসবুকে ১৭০ মিলিয়ন, এক্সে ১১৩ মিলিয়ন এবং ইউটিউবে প্রায় ৬০ মিলিয়নের উপরে। এছাড়াও, তিনি চীনের মালিকানাধীন দুই সামাজিক প্ল্যাটফর্ম কোয়াইশু ও ওয়েইবো ব্যবহার করেন। কোয়াইশুতে রোনালদোর অনুসারী সংখ্যা ৯৪ লাখ এবং ওয়েইবোতে ৭৫ লাখের বেশি।
অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই ঐতিহাসিক অর্জনের জন্য রোনালদো সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। একটি দীর্ঘ পোস্টে তিনি উল্লেখ করেন, তার এই অর্জন সম্ভব হয়েছে সমর্থক এবং পরিবারের অবিচল ভালোবাসা ও সমর্থনের জন্য। একেবারে সাধারণ পরিবার থেকে উঠে আসা এই মহাতারকা সবসময় নিজের সমর্থক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গ্লোবাল জনপ্রিয়তা
রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই শীর্ষে ছিলেন। পুরো বিশ্বে দ্বিতীয় স্থানে আছেন মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ, যার প্রায় ৭১০ মিলিয়ন অনুসারী রয়েছে।
ক্যারিয়ারের ৯০০ গোল মাইলফলক
সামাজিক যোগাযোগমাধ্যমে এই অর্জনের ঠিক কিছুদিন আগেই রোনালদো ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে এই মাইলফলক ছুঁয়েছেন। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে দলের জয় নিশ্চিত করেন এই পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী।























