
ঢাকার এভারকেয়ার হাসপাতালের অডিটোরিয়ামে আজ ২১ সেপ্টেম্বর, ২০২৪ এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিএমটিএ) এর সদস্যরা আমন্ত্রিত ছিলেন। উল্লেখ্য, এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের প্রথম JCI Accredited (Joint Commission International) হাসপাতাল হিসেবে বিশেষ মর্যাদা অর্জন করেছে।

সেমিনারে মূলত বাংলাদেশের হেলথকেয়ার ইন্ডাস্ট্রির অগ্রগতি ও রোগীদের উন্নত সেবা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও, মেডিকেল ট্যুরিজমের সম্ভাবনা, দেশের হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদান নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। হাসপাতালটির চিফ মেডিকেল অফিসার বিনয় কউল এবং মেডিকেল ডিরেক্টর ডা: আরিফ উপস্থিত সকলকে হাসপাতালের সেবা সম্পর্কিত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।
বিএমটিএ সদস্যরা এভারকেয়ার হাসপাতালের সেবার মান ও তাদের উন্নয়নমূলক উদ্যোগগুলোকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেন।

সেমিনারে উপস্থিত বিএমটিএ এর সদস্যরা রোগীদের জন্য আরও ভালো সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। বিএমটিএ এর পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন সভাপতি মো: আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মুফাসসেরুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সচিব সাব্বির আহমেদ তামিম, ইয়াসিন আবছার, আব্দুর রশিদ, নাজমুল ইসলাম রাফি, মুহিত আলী সহ আরো অনেকে। এভারকেয়ার হাসপাতালের কর্মকর্তারা বিএমটিএ এর সদস্যদের সঙ্গে ভবিষ্যতে আরও গভীর সহযোগিতার প্রত্যাশা করেন।























