
বাংলাদেশে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ‘এমটি বাংলার জ্যোতি’ নামের একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জাহাজটি সেখানে নোঙ্গর করা ছিল। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে সেটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর জাহাজ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
পরে আরো একজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়ে জাহাজটির মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক (প্রযুক্তি) প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ বলেন, “আগুনে তিনজন মারা গেছেন। তারা সবাই বিএসসি’র লোক।”
নিহতরা হলেন বাংলার জ্যোতি’র ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, চার্জম্যান নুরুল ইসলাম ও বিএসসি মেরিন ওয়ার্কশপের কর্মচারী মো. হারুণ।
নৌবাহিনী, কোস্ট গার্ড, বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা জাহাজটির আগুন নেভাতে কাজ করেন।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।























