
গত বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে চলতি বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গত মাসে প্রবাসীরা পাঠান ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশী মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসেবে) যা ২৮ হাজার ৮৫ কোটি ৪৮ লাখ টাকা।
গত বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার।
আজ মঙ্গলবার (১ অক্টোবর) প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
ছাত্র আন্দোলনে তৎকালীন শেখ হাসিনার সরকারকে অসহযোগিতার অংশ হিসেবে প্রবাসীরা বৈধ পথে আয় পাঠানো কমিয়ে দেন। ফলে জুলাই মাসে প্রবাসী আয় কমে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলারে দাঁড়িয়েছিল।
এরপর গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে গেলে আগস্ট মাসে প্রবাসী আয় বেড়ে দাঁড়ায় ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলারে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় আরও বাড়ল।
তবে চলতি বছরের জুনের চেয়ে সেপ্টেম্বর মাসের প্রবাসী আয় কম। জুনে প্রবাসী আয় আসে ২৫৩ কোটি ৮৬ ডলার। গত বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় নেমেছিল প্রায় চার বছরের সর্বনিম্ন পর্যায়ে।
তখন বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে প্রবাসী আয়ের ডলারের দাম বাড়ানোসহ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল কিন্তু গত জুলাইয়ের আন্দোলনে আয় আবারো কমে।
সেপ্টেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৬৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসে ১০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে আসে ১৬৫ কোটি ৩ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় আসে ৬২ লাখ ১০ হাজার ডলার।























