
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যরা গা-ঢাকা দিয়েছেন, বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত জনপ্রতিনিধিরা। এতে করে গ্রামাঞ্চলের মানুষের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের চিন্তা-ভাবনা করছে সরকার।
সরকার ইতিমধ্যে পাঁচ হাজার ৫৫৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে কতটি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার অনুপস্থিত আছেন, তার তথ্য জানতে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছে। যদি জনপ্রতিনিধির অনুপস্থিতির হার বেশি হয়, তবে সিটি করপোরেশন ও পৌরসভার মতো এখানেও প্রশাসক নিয়োগ দেয়া হতে পারে। তবে, কম অনুপস্থিতির ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে।
এ প্রক্রিয়ায় বিদ্যমান আইনে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করা হবে। ইতিমধ্যে সিটি করপোরেশন, পৌরসভা এবং জেলা-উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সরিয়ে প্রশাসক নিয়োগের বিধান করা হয়েছে, যাতে করে সেবা কার্যক্রম পুনরায় চালু রাখা যায়।























