
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন। তিনি সরাসরি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেও আখ্যা দিয়েছেন।
গতকাল (স্থানীয় সময় বুধবার) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ডেলাওয়ারে সিএনএনের টাউন হল অনুষ্ঠানে কমলা হ্যারিস এই মন্তব্য করেন। তিনি বলেন, ট্রাম্পের ফ্যাসিস্ট আচরণ তাঁর সাবেক চিফ অব স্টাফ এবং প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের কথায় প্রতিফলিত হয়েছে।
সিএনএনের উপস্থাপক অ্যান্ডারসন কুপার কমলা হ্যারিসের কাছে জানতে চান, তিনি কি ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন? এর জবাবে কমলা বলেন, ‘হ্যাঁ, আমি এমনটা মনে করি।’ তিনি আরও বলেন, যারা ট্রাম্পকে সবচেয়ে ভালো চেনেন, তাদের মন্তব্য আমাদের গুরুত্ব সহকারে নেওয়া উচিত।
এর আগে ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জন কেলি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ট্রাম্প একবার তাঁকে বলেছিলেন, ‘হিটলারও কিছু ভালো কাজ করেছিলেন।’ এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্পের প্রতি কমলা হ্যারিসের সমালোচনা আরও তীব্র হয়ে ওঠে।
কমলা হ্যারিস আরও উল্লেখ করেন, ট্রাম্পের প্রশাসনের প্রাক্তন সদস্যরা—যেমন তাঁর চিফ অব স্টাফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষামন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট—সবাই তাঁকে অযোগ্য এবং বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছেন। ট্রাম্পের আচরণ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া তাঁকে প্রেসিডেন্ট হিসেবে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরে না বলেই মন্তব্য করেন তিনি।























