
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতেই রয়েছেন, এক সপ্তাহ আগেও সেটি জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির সরকার।
তবে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে বলেছে, দেশটির রাজধানী দিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে দুই মাস ধরে থাকছেন শেখ হাসিনা। ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছে ভারত সরকারই।
বিশালাকার সেই বাংলোতে সাধারণত থাকেন ভারতের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে।
গোপনীয়তা ও নিরাপত্তার কারণে ওই বাড়ির সঠিক অবস্থান বা সড়ক নম্বর প্রকাশ না করার কথা লিখেছে দ্য প্রিন্ট।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি লিখেছে, নিরাপত্তার জন্য যথাযথ প্রটোকল নিয়ে আওয়ামী লীগ সভাপতি মাঝেমধ্যে লোদী গার্ডেনে হাঁটতে যান।
একটি সূত্র বলছে, শেখ হাসিনা কঠোর নিরাপত্তায় থাকছেন। সাদাপোশাকে নিরাপত্তা কর্মকর্তারা তাকে ঘিরে থাকেন। মর্যাদা অনুযায়ী তিনি সেই সুরক্ষা পাচ্ছেন। দুই মাস ধরে তিনি ওই এলাকায় থাকছেন। তার সেখানে থাকার সব বন্দোবস্ত করা হয়েছে।























