Google search engine

পর্তুগালে শুরু হলো বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সম্মেলন

বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট ২০২৪ পর্তুগালের রাজধানী লিসবনের আল্টিস এরিনাতে শুরু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকেল পাঁচটায় সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রায় ২০ হাজার দর্শনার্থীর উপস্থিতিতে উদ্বোধনী আয়োজনটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়।

উদ্বোধনীতে পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো, ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা ও সিইও প্যাডি কসগ্রেভ এবং লিসবন সিটির মেয়র কারলোস মোয়দা উপস্থিত ছিলেন। পর্তুগিজ প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তির এমন বড় আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে আনন্দ প্রকাশ করেন এবং প্রযুক্তির উন্নয়নে পর্তুগালের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

প্রযুক্তি খাতে ওয়েব সামিটের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে, যা স্টার্টআপ, বিনিয়োগকারী, বক্তা ও মিডিয়াকর্মীদের জন্য একটি প্রধান মিলনস্থল হয়ে উঠেছে। আগের আসরগুলোর মতো এবারও অতিথির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অনেক অংশগ্রহণকারীকে মূল স্টেজে জায়গা দেওয়া সম্ভব হয়নি।

এই আসরে তিন হাজারেরও বেশি স্টার্স্টআপ, এক হাজারের বেশি বিনিয়োগকারী, তিনশর বেশি অংশীদার, এক হাজার জন বক্তা, ১৬০ টির‌ও বেশি দেশের ৭০ হাজার অংশগ্রহণকারী এবং বিশ্বের জনপ্রিয় গণমাধ্যমের প্রায় দুই হাজার গণমাধ্যম কর্মী যুক্ত হয়েছেন।

এবারের ওয়েব সামিটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ব্যবহার ও উদ্ভাবনী বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষত, ফিনান্সিয়াল টেকনোলজি, ডিজিটাল মুদ্রার ব্লকচেইন, ডিজিটাল হেলথ এবং পরিবেশ সংরক্ষণে প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা করা হচ্ছে। সম্মেলনটি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest