Google search engine

ফ্রান্সের উপকূলে দুই অভিবাসীর মরদেহ উদ্ধার

ফ্রান্সের উত্তর উপকূলের পা-দ্য-কালে এবং সোম উপকূল থেকে দুই অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ৩০ অক্টোবর থেকে এ অঞ্চলে নিহত অভিবাসীর সংখ্যা ১৪তে পৌঁছেছে।

প্রথম মরদেহটি উদ্ধার করা হয় গত ১৭ নভেম্বর (রবিবার)৷ পা-দ্য-কালে উপকূলের মার্ক সৈকতে ওই অভিবাসীর দেহাবশেষ খুঁজে পায় ফরাসি কর্তৃপক্ষ।

স্থানীয় বুলন সুর মের অঞ্চলের পাবলিক প্রসিকিউটর কার্যালয় আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে জানায়, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে একটি বিচারিক তদন্ত চালু করে সেটি কালে থানায় ন্যস্ত করা হয়েছে। এটির উদ্দেশ্য হবে মৃত্যুর কারণ নির্ধারণ করা এবং পরিচয় শনাক্ত করা।

দ্বিতীয় মরদেহটি উদ্ধার করা হয় গতকাল বুধবার (২০ নভেম্বর) সোমে অঞ্চলের কোয়েন্ড উপকূল থেকে।কোয়েন্ড নটিক্যাল ঘাঁটির কাছে একটি সৈকতে হাঁটার সময় একজন ব্যক্তি মরদেহটি খুঁজে পান।

বেশ কয়েক দিন পানিতে ভেসে থাকায় মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানিয়েছে উত্তর ফ্রান্সের স্থানীয় দৈনিক লা ভোয়া দ্যু নর্দ।

স্থানীয় প্রেফেকচুর জানিয়েছে, ওই ব্যক্তির পরিচয় নির্ধারণে বিশেষ তদন্ত করা হবে।

নভেম্বরের শুরু থেকে ইংল্যান্ডে যাওয়ার চেষ্টারত অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা অব্যাহত রয়েছে।

২০১৮ সালে ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে ছোট নৌকায় চ্যানেল পারাপার শুরু হয় যা ২০২৪ সালে এসেও থামেনি। সূত্র: ইনফোমাইগ্রেন্টস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest