
প্রায় এক দশক কানাডার প্রধানমন্ত্রী থাকার পর পদত্যাগ করেছেন জাস্টিন ট্রুডো।
তবে লিবারেল পার্টির নতুন নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন বলে অটোয়ায় আজ সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।
আগামী ২৪ মার্চ পর্যন্ত পার্লামেন্ট মূলতবির ঘোষণা দিয়ে তিনি বলেন, “একজন আসল পছন্দের মানুষ এই দেশের প্রাপ্য।”
পদত্যাগ করার জন্য ট্রুডো তার দলের ভিতর-বাইর থেকে ক্রমবর্ধমান চাপে ছিলেন।
২০১৩ সালে এমন এক সময় ট্রুডো লিবারেল পার্টির দায়িত্ব নিয়েছিলেন যখন দলটি গভীর সঙ্কটে নিমজ্জিত ছিল। সেই সময় হাউস অভ কমন্সে তৃতীয় অবস্থানে নেমে গিয়েছিল লিবারেল পার্টি।
ট্রুডোর প্রস্থানে নতুন করে নেতৃত্ব সঙ্কটে পড়বে তাঁর দল। আর সেটা এমন সময়ে ঘটছে যখন আগামী অক্টোবরের নির্বাচনে কনজারভেটিভদের কাছে লিবারেলদের বাজেভাবে হারার পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন জনমত জরিপ।























