
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের দাবানলে এ পর্যন্ত কমপক্ষে পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। অধিকাংশ জায়গায় দাবানল নিয়ন্ত্রণে না থাকায় কর্মকর্তারা এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন।
এদিকে, হলিউড হিলস ওয়েস্টে দাবানল নিয়ন্ত্রণে আসায় অধিবাসীদের এলাকা ত্যাগ করার নির্দেশ তুলে নেয়া হয়েছে। লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) এক বিবৃতিতে জনগণকে বাড়ি ফেরার সময় সতর্কতা অবলম্বন করতে বলেছে।
এর আগে ওই এলাকার প্রায় ১৫ হাজার অধিবাসীকে এবং পুরো এলএ কাউন্টিতে ১,৭৯,৭০০ মানুষকে এলাকা ত্যাগ করতে বলা হয়েছিল।

হলিউড হিলস, যেখান থেকে শহরের ঐতিহাসিক হলিউড এলাকাটি দেখা যায় সেই আবাসিক এলাকায় আগুন ছড়িয়ে পড়ে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে।
এর দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে হলিউডের কেন্দ্রের অধিকাংশ এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায় এবং রাস্তায় লাইন ধরে থাকা পাম গাছগুলোর মাথা দেখা যাচ্ছিল না।
এলএ কাউন্টি বোর্ড অভ সুপারভাইজরস চেয়ার ক্যাথরিন বার্জার এরকম পরিস্থিতিতে লুটপাটের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান।
অপরদিকে, এই দাবানলে হলিউডের অনেক নামিদামী তারকার বাড়ি পুড়ে ধ্বংস হয়ে গেছে। যারা বাড়ি হারিয়েছেন তাদের মধ্যে আছেন প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, আনা ফারিস, রাইন উইলসন, বোজোমা সেন্ট জন, বিলি ক্রিস্টাল, স্পেন্সার প্রাট ও হেইদি মন্টাগ, ক্যারি এলওয়েস এবং জেমস উডস।























