
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার (১০ জানুয়ারি) রাতে বিদায়ের এই ঘোষণা দেন তিনি।
আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে দলে পেতে গত বুধবার সিলেটে তার সঙ্গে দুই দফায় বৈঠক করে নির্বাচক কমিটি। পরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান, সিদ্ধান্ত জানাতে সময় নিয়েছেন তামিম ইকবাল।
বিপিএলে সিলেট পর্বে ফরচুন বরিশালের খেলা শেষে শুক্রবার সকালে ঢাকায় ফেরেন তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, রাতেই তিনি বোর্ডকে জানিয়ে দেন নিজের সিদ্ধান্ত।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের মনোযাগ বিঘ্ন করার কারণ হতে চান না জানিয়ে তিনি বিদায়ী বার্তায় লিখেন, “আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।“
তিন সংস্করণ মিলিয়ে ৩৯১ ম্যাচ আর ১৫ হাজার ২৪৯ রান নিয়ে শেষ হলো তামিমের ক্যারিয়ার। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি দ্বিতীয় সফলতম। ১৫ হাজার ৩০০ রান নিয়ে সবার ওপরে মুশফিকুর রহিম। এছাড়াও অনেক রেকর্ড-অর্জন ধরা দিয়েছে দার গৌরবময় পথচলায়, ব্যাটিং মাইলফলকের অনেকগুলোতে তিনি ছিলেন দেশের প্রথম। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক স্মরণীয় মুহূর্ত দেশকে উপহার দিয়েছে তার ব্যাট।
২০২৩ সালের সেপ্টেম্বরে দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের জার্সিতে শেষবার মাঠে নামেন তিনি। ওই সিরিজের পরই ওয়ানডে বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। এরপর তার আর ফেরা হলো না আন্তর্জাতিক ক্রিকেটে।
টেস্ট ক্রিকেটে তিনি শেষবার খেলেন ২০২৩ সালের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দেন ২০২২ সালের জুলাইয়ে।























