
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার এক ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে স্বামী অভিনেতা জাহির ইকবালের সঙ্গে প্রবেশ করছেন তিনি। তবে ফটোসাংবাদিকদের অতিরিক্ত তৎপরতায় বিরক্ত হয়ে সোনাক্ষী তাদের কড়া ভাষায় বললেন, “অনেক হয়েছে, এবার দয়া করে থামুন।”
সোনাক্ষী সাধারণত মাথা গরম করেন না এবং পাপারাজ্জিদের সঙ্গে তার সম্পর্ক বরাবরই ভালো। তাই এমন আচরণে ভক্তরাও বেশ অবাক। তবে এরপরই তিনি হাত জোড় করে ফটোসাংবাদিকদের অনুরোধ করেন, যা দেখে সবাই তার থেকে দূরে সরে যান।
চলতি বছরের জুন মাসে অভিনেতা জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী। সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির ছেলে জাহিরের সঙ্গে সালমানের এক পার্টিতে সোনাক্ষীর পরিচয় হয়। সেখান থেকেই শুরু প্রেমের যাত্রা। পরে ঘরোয়া আয়োজনে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে জাহিরকে বিয়ে করেন সোনাক্ষী।

বিয়ের সময় বিভিন্ন সমালোচনার মুখোমুখি হলেও সোনাক্ষী ও জাহির তাদের জীবন আনন্দের সঙ্গেই উপভোগ করছেন। বলিউডের ভাইজান সালমান খানের ঘনিষ্ঠ পরিবারের অংশ হওয়ায় সোনাক্ষীকে অনেকেই মজার ছলে “ভাইজানের বউমা” বলে অভিহিত করেন।























