
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাঁর দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি শপথ নিয়েছেন ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটুন্ডায়।
এর আগে তিনি ৪৫তম প্রেসিডেন্ট হিসাবে প্রথমবার ক্ষমতায় ছিলেন ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত।
সোমবার (২০ জানুয়ারি) শপথ নিয়েই ট্রাম্প বলেন, “ঠিক এ মুহূর্তে শুরু হলো যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ। আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ এবং সম্মানিত হবে। আমি যুক্তরাষ্ট্রকে সর্বাগ্রে রাখব।”
তিনি সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনসহ অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের স্বাগত জানিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে তাঁর বক্তব্য শুরু করেন।
তিনি বলেন, “আমেরিকার শ্রমিক এবং তাদের পরিবারগুলোকে রক্ষায় আমি অবিলম্বে বাণিজ্য ব্যবস্থাকে ঢেলে সাজাব। অন্য দেশগুলোকে সমৃদ্ধ করতে আমাদের দেশের নাগরিকদের ওপর করারোপের পরিবর্তে আমরা বরং আমাদের নাগরিকদের সমৃদ্ধ করতে ভিন দেশগুলোর ওপর শুল্ক ও কর চাপাব।”
যুক্তরাষ্ট্র আবার নিজেদেরকে বর্ধনশীল একটি জাতি হিসাবেই গণ্য করবে জানিয়ে ট্রাম্প ‘আমেরিকার সম্পদ এবং ভূখণ্ড বাড়ানোর প্রতিশ্রুতি’ দেন ভাষণে।
চার বছর আগে ক্ষমতা না ছাড়তে চাইলেও হোয়াইট হাউজ ছাড়তে বাধ্য হয়েছিলেন ট্রাম্প। চার বছর পর দেশের মানুষের বিপুল সমর্থন নিয়ে সেই হোয়াইট হাউজেই ফিরলেন তিনি।
ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের শপথ অনুষ্ঠান শুরু হয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় দুপুর ১২টায়।
তীব্র শীতের কারণে ৪০ বছরের মধ্যে এই প্রথম অভিষেক অনুষ্ঠান মার্কিন ক্যাপিটল ভবনের পশ্চিম দিকের খোলা সিঁড়ির পরিবর্তে গম্বুজযুক্ত গোলাকার হলঘর রোটুন্ডায় অনুষ্ঠিত হয়েছে।
ঊনিশ শতকের পর থেকে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় নির্বাচনে হারার চার বছর পর ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরলেন।
যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুযায়ী প্রেসিডেন্টের অভিষেক একটি অভ্যন্তরীণ বিষয়। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট সাধারণত মার্কিন কর্মকর্তা, দেশটির সাবেক রাষ্ট্রপ্রধান ও সাবেক ভাইস প্রেসিডেন্টদের উপস্থিতিতে ক্যাপিটল ভবনের সিঁড়িতে স্থাপিত খোলা মঞ্চে শপথ গ্রহণ করেন। আশপাশের খোলা জায়গা থেকে উপস্থিত জনতা এই অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করেন।
কিন্তু এবারের শপথ অনুষ্ঠানে এই ঐতিহ্য ভেঙেছেন ট্রাম্প। এই অনুষ্ঠানে অভিষেক বক্তৃতা, প্যারেড, সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি বিদেশি অতিথিরাও অংশ নিয়েছেন।























