
প্রায় পাঁচ বছর পর চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু হতে যাচ্ছে। ২০২০ সালে হিমালয় সীমান্ত সংঘর্ষের পর তিক্ত হওয়া সম্পর্কের মধ্যে এটি উষ্ণতা বাড়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শিগগিরই এই পরিষেবা চালুর কাঠামো নিয়ে আলোচনা হবে।
উচ্চপর্যায়ের বৈঠক ও সিদ্ধান্ত
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্র ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশ সম্পর্ক উন্নত করতে একমত হয়। এ সময় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থিতিশীল করার ওপর জোর দেওয়া হয়। দুই দেশের মধ্যে সাংবাদিক বিনিময় সহজ করতেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২০ সালের সীমান্ত সংঘর্ষের কারণে সম্পর্কের অবনতি ঘটে। ভারত চীনা কোম্পানির বিনিয়োগে সীমাবদ্ধতা আনে এবং যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে। তবে সাম্প্রতিক মাসগুলোতে উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে উত্তেজনা কমানো হয়েছে। এর মধ্যে, রাশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে আলোচনাও উল্লেখযোগ্য।
চীনের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত এখন আকাশপথে যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে কাজ করছে। পাশাপাশি ভিসা অনুমোদনের প্রক্রিয়া সহজ করার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।























