
সুইডেনের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছে। তাদের মধ্যে চারজনকে অপারেশন করা হয়েছে এবং একজন গুরুতর আহত।
আহতদের মধ্যে আক্রমণকারীও রয়েছে বলে মনে করছে পুলিশ।
সুইডিশ পুলিশ জানায়, ঘটনাটি ঘটে সুইডেনের রাজধানী স্টকহোমের ১৬০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে বড়দের জন্য রিসবার্গস্কা স্কুলের ক্যাম্পাসে যেখানে শিশুদের সহ অন্যান্য স্কুলও রয়েছে।
ওরেব্রো শহরের পুলিশ প্রধান রবার্তো ইদ ফরেস্ট এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটার দিকে প্রথম পুলিশের কাছে ফোন আসে।
পুলিশের ধারণা এই ঘটনায় আরো বেশি মানুষ আহত হয়ে থাকতে পারে।
আক্রমণকারী ধরা না পড়ায় শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের স্কুল ভবনের ভিতরে আটকে রাখা হলেও পরে তাদের ভবন থেকে বের হতে দেয়া হয়।
পুলিশ মানুষজনকে ওই এলাকা এড়িয়ে চলার জন্য দুপুর ১:২০টার দিকে সতর্ক করে।























