
আরও তিন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ১৫ মাসের গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসে করা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হয়।
মুক্তি পাওয়া ইসরায়েলিরা হলেন ইলাই শরাবি (৫২), অর লেভি (৩৪) এবং ওহাদ বেন এমি (৫৬) ।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) গাজার মধ্যাঞ্চলীয় শহর ডেইর এল-বালায় তাদের মুক্তি দেওয়া হয়।
হামাস এই বন্দীদের মুক্তি দেওয়ার পর রেডক্রসের সদস্যরা তাদের নিয়ে যায়। রেডক্রসের কাছে তাদের হস্তান্তরের জন্য হামাসের স্থাপিত মঞ্চ ও এর আশপাশে মুখোশ পরা হামাসের বহু সশস্ত্র যোদ্ধা উপস্থিত ছিল।
হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় এসব জিম্মিকে বন্দি করে গাজায় নিয়ে আটকে রেখেছিল। বন্দি হওয়ার ১৬ মাস পর তারা মুক্তি পেল।
মুক্তি পাওয়ার পর এই তিন জিম্মিকে রেডক্রস গাজায় অবস্থান করা ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করে।
হামাস তিন জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েলের কারাগারগুলো থেকে মোট ১৮৩ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছে।
তাদের মধ্যে ১৮ জন আজীবন কারাদণ্ডে দণ্ডিত ছিল। অপর ১১১ জনকে গাজা যুদ্ধ চলার সময় ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানায় হামাস।
গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দুই পক্ষের মধ্যে এটি পঞ্চম বন্দি বিনিময়।
ফিলিস্তিনি বন্দি যারা মুক্তি পেয়েছে তাদের মধ্যে সাতজনকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী ১৯ জানুয়ারি থেকে গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়। চুক্তির সমঝোতা অনুযায়ী এ পর্বে পাঁচবার বন্দি বিনিময় হয়। প্রথম ধাপের এ যুদ্ধবিরতি মার্চের প্রথম কয়েকদিন পর্যন্ত বজায় থাকার কথা রয়েছে।























