
বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় গত এক সপ্তাহে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ও চট্টগ্রাম জেলায় মোট ২৭টি মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই মঙ্গলবার রাত থেকে ২৪ জুলাই বুধবার সকাল আটটা পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও জেলায় গ্রেপ্তার করা হয়েছে ৭০৩ জনকে।
গ্রেপ্তারদের মধ্যে অধিকাংশই বিএনপি-জামায়াত সমর্থক। আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে গত ১৬ জুলাই বিকেলে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় ৩ জন নিহত হন।
গত ১৮ জুলাই চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটে সংঘর্ষে নিহত হন ২ জন। এদিন বহদ্দারহাটে সংঘর্ষে গুলিবিদ্ধ চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া মঙ্গলবার (২৩ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এদিকে, চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ভাঙচুর, হত্যাচেষ্টা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করে নতুন একটি মামলা করা হয়েছে।























