Google search engine

ফিনল্যান্ডে প্রবাসীদের ভাষা শহীদ দিবস পালন

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গকারী মহান বীরদের স্মরণে দলমত নির্বিশেষে দেশটির বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ২১ ফেব্রুয়ারি বেলা ৪টায় ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি শহরের ভালকিয়া তালোতে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

এইসময় উপস্থিত সুধীজন শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি প্রদানের পাশাপাশি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং মহান ভাষা শহীদদের আত্মত্যাগ ও আত্মজাগরণের গৌরবোজ্জ্বল ইতিহাসকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

দিবসের দ্বিতীয় পর্বের আয়োজনে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী।

এবারের আয়োজনে প্রায় অর্ধ শতাধিক শিশু এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি আত্তে কালেভা এমপি শিশুদের মাঝে পদক ও সার্টিফিকেট বিতরণ করেন।

পুরস্কার বিতরণী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় আত্তে কালেভা ৫২-এর ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তার বক্তব্যে বিদেশী কম্যুনিটির ভাষা ও সংস্কৃতি রক্ষায় বর্তমান কোয়ালিশন কোকমুস সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং বাংলাদেশীদের ভূয়সী প্রশংসা করেন।

তিনি তার বক্তব্যে বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজীকরণে তার সরকারের সদিচ্ছার কথা জানান।

আত্তে কালেভা আরো বলেন, “ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ সম্পন্ন করতে সিটি কর্পোরেশন সবসময় বাংলাদেশীদের সাথে আছে এবং থাকবে।”

এ সময় তিনি বাংলাদেশী কমিউনিটিকে অর্থায়নের দায়িত্ব নেয়ার কথাও স্মরণ করিয়ে দেন।

ভাষা শহীদ দিবস আলোচনা সভায় আয়োজকদের পক্ষে বক্তব্য রেখে ফিনল্যান্ডে ভাষা শহীদ মিনার বাস্তবায়ন কমিটির প্রধান ভূইয়া এন জামান ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

এতে উপস্থিত সুধীবৃন্দ শহীদ মিনার নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এবং হেলসিংকি সিটি কাউন্সিলর প্রাথী তাসলিমা আকতার জামান।

তিনি তার বক্তব্যে বাংলাদেশী কমিউনিটির স্বার্থে যেকোনো প্রয়োজনে অতীতের মতো সবসময় বাংলাদেশীদের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিভিন্ন দেশের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশী ব্যান্ড ‘অচেনা’ ছাড়াও ফিনল্যান্ডের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল ‘মিকা হাস্সি আয়োলাহতো’, নেপালের ‘সারধ সাক্ষ’ এবং আফ্রিকার দেশ ঘানার ‘ওসমান’ দর্শকদের মাতিয়ে রাখে। উপস্থিত সবাই যে যার নিজস্ব ভাষায় গান পরিবেশন করেন যা উপস্থিত সুধীজনের ব্যাপক প্রশংসা পায়।

এবারের আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল বাহারি ধরনের দেশীয় খাবার ও পোশাকের সম্ভারে সাজানো বিভিন্ন স্টল যা উপস্থিত সুধীজনকে দেশীয় খাবার ও পোশাকের ব্যাপারে আকৃষ্ট করতে সমর্থ হয়।

আয়োজনের শেষে বক্তব্যে অনুরূপ কান্তি দাশ উপস্থিত সুধী কলাকুশলি এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

আয়ান সাইফুলের সঞ্চালনায় অনুষ্ঠানের কারিগরি সহযোগিতায় ছিলেন আরিফ এবং সহযোগিতায় আলী বাবু, আজিজুল হক, ইমন আহমেদ, তাপস খান, কাজিম উদ্দিন, রাকিবুল, নোমান আব্দুল্লাহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest