
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
শনিবার (১৫ মার্চ) রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই প্রত্যাশার কথা জানান। বৈঠকে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার বিষয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, জাতিসংঘ মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। একইসঙ্গে তিনি বলেছেন, দেশের অভ্যন্তরীণ সংস্কার কীভাবে হবে, তা সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য ড. ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।























