
বাংলাদেশের রাজধানী ঢাকায় পশ্চিমবঙ্গের সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর আজ শুক্রবারের (২৬ জুলাই) কনসার্টটি স্থগিত করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ভয়াবহ সহিংসতায় সান্ধ্য আইন জারি ও পরবর্তী পরিস্থিতির কারণে ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’ কনসার্টটি স্থগিত করা হয়।
জনপ্রিয় এই শিল্পীর স্থগিত হওয়া এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ৬ সেপ্টেম্বর।
আয়োজক প্রতিষ্ঠান ‘আজব কারখানা’র কর্ণধার ও গায়ক-সঙ্গীত পরিচালক জয় শাহরিয়ার বলেন, ইতিমধ্যে যারা কনসার্টটির টিকেট কেটেছেন তারা সেই টিকেটেই ৬ সেপ্টেম্বর কনসার্টটি উপভোগ করতে পারবেন।
নিজের সঙ্গীত জীবনের তিন দশক পূর্তিতে গত বছরের নভেম্বরেও ঢাকায় লাইভ কনসার্টে অংশ নেন নচিকেতা। সেই আয়োজনও করেছিল ‘আজব কারখানা’।
বাংলা গানে নচিকেতার খ্যাতি ছড়িয়ে পড়ে ১৯৯০-এর দশকের শুরুর দিকে। ১৯৯৩ সালে ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম বের হওয়ার পর কোলকাতার পাশাপাশি ঢাকাতেও তুমুল জনপ্রিয় হন তিনি।
এরপর তার আরও ১৮টি একক অ্যালবাম বেরিয়েছে। মিশ্র অ্যালবামও আছে কিছু।
‘নীলাঞ্জনা’, ‘যখন সময় থমকে দাঁড়ায়’, ‘অনির্বাণ’, ‘বৃদ্ধাশ্রম’-এর মতো তুমুল জনপ্রিয় গান নিয়ে আসা নচিকেতা চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন। মাঝেমধ্যে স্টেজ শোও করেন।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় সঙ্গীত পরিচালনার পাশাপাশি নিজেও গেয়েছেন। গান করেছেন বলিউডের সিনেমাতেও।























