
ক্যাথলিক ক্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের মরদেহ রোমের সেইন্ট সান্তা মারিয়া মেজোরে ব্যাসিলিকার ভেতরে সমাধিস্থ করা হয়েছে।
আজ শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকানের সেইন্ট পিটার’স চত্বরে শেষকৃত্যের প্রার্থনসভা অনুষ্ঠানের পর তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহবাহী কফিন সমাধিস্থ করার জন্য রোমের ওই ব্যাসিলিকাটিতে নিয়ে যাওয়া হয়।
আর্জেন্টিনার এই পোপ গত ২১ এপ্রিল সোমবার স্ট্রোক করে ও হৃদযন্ত্র বিকল হয়ে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পোপ ফ্রান্সিসকে সমাহিত করার অনুষ্ঠান শুরু হয় রোমের স্থানীয় সময় দুপুর ১টায়। তারপর আধ ঘণ্টার মধ্যেই শেষ শয্যায় শায়িত করা হয় তাঁকে।
এক বিবৃতিতে ভ্যাটিকান বলেছে, “এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভ্যাটিকানের বাইরে সমাহিত হওয়া প্রথম পোপ তিনি। তাঁর এই সমাহিতকরণ একান্তে অনুষ্ঠিত হয়েছে। শুধু তাঁর নিকটতমদের শ্রদ্ধা জানানোর অনুমতি দেওয়া হয়েছিল।”
ভ্যাটিকান জানিয়েছে, আগ্রহীরা ফ্রান্সিসের সমাধি পরিদর্শন করতে পারবেন আগামীকাল রবিবার সকাল থেকে ।
পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে গত বুধবার সকাল থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁর মরদেহ ষোড়শ শতাব্দীতে নির্মিত সেইন্ট পিটার’স ব্যাসিলিকায় শায়িত রাখা হয়। এই সময়ের মধ্যে প্রায় আড়াই লাখ মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা প্রদর্শন করেন বলে জানায় ভ্যাটিকান।
তারপর সেইন্ট পিটার’স চত্বরে ভ্যাটিকানের স্থানীয় সময় আজ সকাল ১০টায় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রার্থনাসভা শুরু হয়। এই প্রার্থনাসভা শেষ হওয়ার পর একটি বিশেষ গাড়িতে করে পোপের কফিন সান্তা মারিয়া মেজোরে গির্জায় নিয়ে যাওয়া হয়।
এখানে একান্তে একটি সংক্ষিপ্ত প্রার্থনাসভা অনুষ্ঠিত হওয়ার পর কার্ডিনাল চেম্বারলেইন কেভিন জোসেফ ফারেলের নেতৃত্বে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয়।
ভ্যাটিকান জানিয়েছে, ইতালির রাজধানীর রাজপথ দিয়ে নিয়ে যাওয়ার সময় পোপের কফিনের মিছিল দেখতে প্রায় দেড় লাখ মানুষ রাস্তার পাশে জড়ো হয়েছিলেন।
এর আগে সেইন্ট পিটার্স চত্বরে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে আড়াই লাখ মানুষ হাজির হয়েছিলেন বলে জানিয়েছে তারা।























