
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার দার আল নুর ইসলামিক কমিউনিটি মসজিদে শনিবার স্থানীয় সময় দুপুর ১টায় ব্যান্ডতারকা শাফিন আহমেদের প্রথম নামাজে জানাজা হয়েছে। জানাজায় প্রায় দুই হাজার মানুষের উপস্থিতি ছিল বলে জানিয়েছেন তাঁর ছেলে আজরাফ রাকিন আহমেদ। তিনি আরো জানান, “বাংলাদেশে নিয়ে যাওয়ার বিষয়টি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অফিশিয়াল প্রসেসগুলো সম্পন্ন করার চেষ্টা চলছে।”
জানাজার পর শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান সেখানকার স্থানীয় বাঙালিরা। এ সময় উপস্থিত ছিলেন শাফিন আহমেদের স্ত্রী ডা. রুমানা দৌলা।

শাফিন আহমেদকে আনতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল বড় ভাই হামিনের। কিন্তু শাফিনের দাফন, কবরস্থানের জায়গা নিশ্চিত করাসহ বেশ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দেশে থাকতে হয়েছে তাকে।
শাফিন আহমেদের মরদেহ বাংলাদেশে পৌঁছাবে সোমবার (২৯ জুলাই)।
তার ছেলে আজরাফ রাকিন আহমেদ জানান, পরদিন মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।
মাইলস ব্যান্ডের অন্যতম ভোকালিস্ট শাফিন আহমেদ জুলাইয়ের ৯ তারিখে যুক্তরাষ্ট্রে যান। সেখানে একটি কনসার্ট করেন তিনি। ভার্জিনিয়ায় গত ২০ জুলাই আরেকটি কনসার্টে অংশ নেওয়া আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে ভর্তি করার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। পরে আবারও অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।























