Google search engine

বাংলাদেশে দ্রুত নির্বাচন: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দ্রুত নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

আজ সোমবার (৫ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ নির্বাচনের ঘোষণা দেন তিনি।

রাতে বঙ্গভবনে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচিত করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে।”

উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরোধী রাজনৈতিক দল বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেই নির্বাচনে জয়লাভ করে টানা তৃতীয়বারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। দলের প্রধান শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

এই সরকারের মেয়াদ সাত মাস হওয়ার মধ্যেই কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা তুমুল গণ আন্দোলনের মধ্যে শেখ হাসিনা বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে চলে যান।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি বলেন, ”প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে তিন বাহিনীর প্রধান, অন্যান্য রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়।”

তিনি বলেন, “সভায় জরুরিভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে।”

রাষ্ট্রপতি বলেন, ”বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সকল বন্দিদের মুক্তি দেওয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া আহতদের সুচিকিৎসার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সভায় বৈঠকে সর্বসম্মতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে বক্তব্যে তুলে ধরেন রাষ্ট্রপতি।

তিনি দেশের আইনশৃঙ্খলার অবস্থানকে স্বাভাবিক করতে ও লুটপাট কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সংখ্যালঘুদের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest