
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬টি থানার মধ্যে ১১টি থানার কার্যক্রম শুরু হয়েছে আজ শুক্রবার (৯ আগস্ট) সকাল ১১টায়।
যেসব থানায় হামলা হয়নি বা কম ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর কার্যক্রম শুরু হয়েছে। আর যেসব থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, সেগুলোতে পুলিশ সদস্যরা এলেও সেখানে তাদের বসার মতো অবস্থা ছিল না।
যেসব থানায় কার্যক্রম শুরু হয়েছে সেগুলো হলো চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, খুলশী, পাঁচলাইশ, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, পাহাড়তলী, আকবরশাহ, কর্ণফুলী ও বন্দর।
তাছাড়া মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানের কার্যক্রম বন্ধ থাকলেও অফিস করছেন কর্মকর্তারা।
তবে পুলিশ সদর দপ্তর থেকে কোনো নির্দেশনা না আসায় ট্রাফিক পুলিশের কার্যক্রম এখনো শুরু হয়নি।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট সোমবার বিকেল থেকে বন্দরনগরীর অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুড়ে যায় পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। এমনকি অনেক জায়গায় লুট হয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি। তারপরই ভেঙে পড়ে পুলিশি ব্যবস্থা।























