
ব্রাজিলের সাও পাওলোতে এক বিমান দুর্ঘটনায় ৬২ আরোহীর সবাই নিহত হয়েছে।
বিমানসংস্থা ভোয়েপাস-এর দুই ইঞ্জিনের এটিআর ৭২-৫০০ উড়োজাহাজটি দেশটির দক্ষিণের রাজ্য পারানা’র কাসকাভেল থেকে সাও পাওলো’র দিকে যাচ্ছিল যখন এটি ভিনহিদো শহরে বিধ্বস্ত হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় উড়োজাহাজটি উল্লম্বভাবে চারদিকে ঘুরতে ঘুরতে একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে। তবে এতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
উড়োজাহাজটিতে ছিল ৫৮ জন যাত্রী ও ৪ জন ক্রু। স্থানীয়রা জানান, ওই দুর্ঘটনায় কেউই বেঁচে নেই।
ব্রাজিলের গ্লোবোনিউজ টেলিভিশন নেটওয়ার্কে প্রকাশিত ছবিতে বিশাল একটি এলাকায় আগুন জ্বলতে এবং উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
এই দুর্ঘটনার খবর পেয়ে ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাশিও লুলা দ্যা সিলভা যিনি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন, নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।























