
এবারের ইউরো কাপ জেতার পর এবার আয়োজক ফ্রান্সকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়ে অলিম্পিক ফুটবলেও চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
প্রথমার্ধে এগিয়ে ছিল স্পেন। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। ব্যবধান সমান করে ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়। তারপরও শেষ পর্যন্ত স্পেনই জিতে নিল অলিম্পিকের ফুটবলের সোনা।
ম্যাচের ১১ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন এনজো মিলোত কিন্তু সেটা তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি।
১০ মিনিটের ব্যবধানে ৩ গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় স্পেন।
১৮ মিনিটে আলেক্স বায়েনার অ্যাসিস্টে গোল শোধ দেওয়ার কাজটা করেন ফেরমিন লোপেস। এরপর কাছাকাছি দূরত্ব থেকে ব্যবধান বাড়ান এই ফরোয়ার্ড। ২৮ মিনিটে ফ্রি কিকে গোলটি করেন বায়েনা।
দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া ফ্রান্স জেগে ওঠে শেষ মুহূর্তে। ৭৯ মিনিটে ব্যবধান কমান মাগনেস আকলিওচে। এরপর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে গোল করেন জেন ফিলিপি মাতেতা।
ব্যবধান ৩-৩ হওয়ার ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
সেই খেলায় ব্যবধান গড়ে দিয়ে স্পেনের নায়ক হয়ে উঠেন বদলি খেলোয়াড় সের্হিও কামেয়ো। জোড়া গোল করে দলকে সোনা এনে দেন তিনি।
খেলার শততম মিনিটে আদ্রিয়ান বের্নাবের থ্রু বল ধরে ডান পায়ের শটে জালে জড়িয়ে দেন। ১২০তম মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সের বাইরে দারুণ শটে গোল করেন দ্বিতীয়বারের মতো।
অলিম্পিক ফুটবলে এটি স্পেনের দ্বিতীয় সোনা। ৩২ বছর আগে ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে নিজেদের মাঠে পোল্যান্ডকে হারিয়ে স্বর্ণ জিতেছিল স্পেন।























