
বন্যা কবলিত এলাকার মানুষদের সহায়তায় বিএনপি নগদ আড়াই কোটি টাকাসহ মোট ১০ কোটি টাকার ত্রাণ সরবরাহ করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ত্রাণ তহবিলে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পেয়েছে। গত ৫ দিনে নগদ আড়াই কোটি টাকাসহ প্রায় ১০ কোটির ত্রাণ সংগ্রহ করে বন্যাকবলিত এলাকায় বিতরণ করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে এক সংবাদ সম্মেলনে শুক্রবার সকালে ডা. জাহিদ হোসেন এই তথ্য প্রকাশ করেছেন। তিনি আরও জানান, বন্যার পানি ইতোমধ্যে কমতে শুরু করেছে, যার ফলে রোগবালাই বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এই কারণে বিএনপির চিকিৎসকগণ এবং বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো ওইসব এলাকায় ওষুধ বিতরণের কার্যক্রম শুরু করেছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ড্যাবের চিকিৎসকগণ ওষুধ ক্রয় করে সরবরাহ করছে বলে ডা. জাহিদ জানিয়েছেন।
ডা. জাহিদ উল্লেখ করেন, দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার, শিশুদের কাপড়, ব্যবহৃত কাপড়, মোমবাতি, দিয়াশালাই, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দেশের সর্বস্তরের জনগণকে সরবরাহ অব্যাহত রয়েছে। রিকশাচালক, স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদরাসার শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ বিএনপির ত্রাণ তহবিলে সহায়তা প্রদান করছে।
ডা. জাহিদ আরও বলেন, আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। স্বৈরাচার শেখ হাসিনার সরকার গত ১৬ বছরে বিএনপির ৭ শতাধিক নেতাকর্মীকে গুম করেছে, আয়নাঘর তৈরি করে বিরোধী দলকে নিপীড়ন করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।























