
গাড়ি প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে ৫০ কোটি রুপির ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন বলিউড অভিনেত্রী রিমি সেন। তার দাবি ৯২ লাখ রুপি দিয়ে ল্যান্ড রোভার গাড়ি কেনার পর তাকে পাঠানো হয়েছে ত্রুটিপূর্ণ গাড়ি ।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ৯২ লাখ রুপির গাড়িটি কিনেছিলেন রিমি। তারপরই ভোগান্তির শুরু বলে দাবি করে অভিনেত্রী রিমি সেন জানান, গাড়িটি ত্রুটিপূর্ণ এবং সংস্থা যেভাবে মেরামতের কাজ পরিচালনা করেছে তাতে তিনি মানসিক যন্ত্রণা পেয়েছেন যা তাকে আইনি পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
তার দাবি, যে গাড়িটি তিনি কেনেন তার সানরুফ, আওয়াজ এবং রিয়ার-অ্যান্ড ক্যামেরার সমস্যা ছিল। ফলে ২০২২ সালের ২৫ আগস্ট একবার গাড়িটির ধাক্কা লাগে অন্য গাড়ির সঙ্গে। সেই সময় অভিযোগ জানালেও ডিলাররা তার অভিযোগ আমলে নেননি। এরপর গাড়িটি প্রায় ১০ বার মেরামত করাতে হয়েছে।
এই পুরো ঘটনার কারণে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। আর সেই কারণেই ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি আইনি খরচের জন্য বাড়তি ১০ লাখ রুপি দাবি করেন তিনি।























