
আওয়ামী লীগের নেতা হাছান মাহমুদের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশের বক্তব্যকে ‘ভূতের মুখে রামনাম’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে গণতন্ত্রের কথা শোনা মানুষ আর বিশ্বাস করে না। এই বিষয়ে তিনি কটাক্ষ করে বলেন, “তাদের মুখে গণতন্ত্রের কথা শুনলে ঘোড়াও হাসবে।”
রবিবার লন্ডনভিত্তিক ‘চ্যানেল এস’ টেলিভিশনের এক সাক্ষাৎকারে হাছান মাহমুদ জানান, আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী এবং অনেক ক্ষেত্রে বিএনপির অবস্থানের সঙ্গে তার একমত।
তবে, বিএনপির নেতারা এমন প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। মির্জা ফখরুল বলেন, “দেশের মানুষ তাদের তাড়িয়ে দিয়েছে। তাদের মুখে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা শোভা পায় না।”
বিএনপির আরেক নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “তিনি তো দেশ থেকে পালিয়ে গেছেন। তার কথার জবাব দেওয়ার কিছু নেই।”
প্রসঙ্গত, শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন, এমন গুঞ্জনও ছড়িয়েছিল। পরে তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি বিদেশে কোথাও অবস্থান করছেন।























