
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় জেল ও জরিমানা থেকে রেহাই পেয়েছেন।
তার আগে এই মামলায় নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পের সাজা ঘোষণার শুনানি হয় শুক্রবার (১০ জানুয়ারি)।
আদালতের শুনানিতে ফ্লোরিডার মার-আ-লাগো থেকে ভিডিও লিংকের মাধ্যমে হাজিরা দেন ট্রাম্প। পাশে ছিলেন তার আইনজীবী।
শুনানি অনুষ্ঠানের আগে মামলাটি জরুরি ভিত্তিতে স্থগিতের আরজি জানিয়েছিলেন ট্রাম্পের আইনজীবীরা ৷ সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরই হয় শুনানি।
ট্রাম্পের সাজা ঘোষণার রায় দেওয়া হলেও তাকে কোনো কারাদণ্ড বা অর্থদণ্ড দেওয়া হবে না বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন নিউ ইয়র্কের বিচারপতি হুয়ান মারচেন।
তিনি বলেছিলেন, তিনি ট্রাম্পকে কারাদণ্ড বা জরিমানার সাজা না দিয়ে বরং তাকে নিঃশর্ত অব্যাহতি দিতে পারেন।
প্রসঙ্গত, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন ট্রাম্প। এরপর বিষয়টি ধামাচাপা দিতে ব্যবসায়িক রেকর্ড নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার ৩৪টি অভিযোগও আছে ট্রাম্পের বিরুদ্ধে।
গত মে মাসে নিউইয়র্কের একটি আদালতে সব অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। এই মামলায় তার সাজা ঘোষণার তারিখও আদালত নির্ধারণ করেছিল গত বছরের ২৬ নভেম্বর।
তবে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর বিচারপতি মার্চান ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন।























