
প্রবল শক্তিশালী টাইফুন গায়েমি’র আঘাতে তাইওয়ানে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন।
ঝড়ের তোড়ে একটি গাছ উপড়ে পড়ে একজন ও একটি ভবনের একটি অংশ গাড়ির উপর পড়ে আরেকজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০১ জন।
গায়েমি মোকাবেলার প্রস্তুতি হিসেবে দেশটিতে বন্ধ রাখা হয়েছে অর্থ বাজার, বাতিল করা হয়েছে বহু ফ্লাইট।
তাইওয়ানের আবহওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আট বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় গায়েমি বুধবার (২৪ জুলাই) স্থানীয় সময় রাতে পূর্বাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে উঠে আসবে।
টাইফুনটির প্রভাবে দ্বীপটিতে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এরমধ্যেই সামরিক বাহিনীকে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় সময় রাত ৮টার দিকে গায়েমি’র চোখ হুয়ালিয়েন কাউন্টির কাছে অবস্থান করছিল। এর কেন্দ্রের কাছে বাতাসের একটানা বেগ দমকা হওয়া আকারে ঘণ্টায় ২২৭ কিলোমিটার পর্যন্ত উঠছিল।
তাইওয়ান প্রণালী অতিক্রম করার পর বৃহস্পতিবার সন্ধ্যা কিংবা রাতের দিকে গায়েমি চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানে আঘাত হানতে পারে।
তাইওয়ান সরকার জানিয়েছে, বৃহস্পতিবারও তাইওয়ানের অর্থ বাজার বন্ধ থাকবে। এছাড়া সব ধরনের কাজ ও স্কুলগুলোও বন্ধ থাকবে দ্বিতীয় দিনের মতো।
দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় সব অভ্যন্তরীণ ফ্লাইট ও ২২৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ থাকবে ও ১৮৫টি আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করা হবে গায়েমি’র কারণে।























