Google search engine

আবুধাবিতে লটারিতে ২ বাংলাদেশির ভাগ্য বদল

আবুধাবির বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্রতে বাংলাদেশের দুই প্রবাসী দারুণ সৌভাগ্যের মুখ দেখেছেন। এক গাড়িচালক ও এক নিরাপত্তারক্ষী প্রতিজন আড়াই লাখ দিরহাম করে নগদ পুরস্কার জিতেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২ লাখ টাকা।

লটারির আয়োজকরা সোমবার জানিয়েছেন, বিজয়ী দুইজন হলেন মোহাম্মদ মোজাম্মেল হক আখতার জামান ভূঁইয়া ও আলমগীর হাফেজুর রহমান।

৪৭ বছর বয়সী গাড়িচালক মোজাম্মেল ১৩ বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন। সাত বছর আগে বিগ টিকিটের বিষয়ে জানতে পেরে ২০ জন বন্ধুর একটি দলের সঙ্গে প্রতি মাসে টিকিট কিনতে শুরু করেন। এবার পুরস্কার জিতে তিনি বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি, এই মুহূর্তটি কল্পনাতীত। এই অর্থ কিভাবে ব্যবহার করব, তা এখনো ঠিক করিনি। তবে একটি বিষয় নিশ্চিত, এই পুরস্কার বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব। আমরা সব সময় একসঙ্গে খেলেছি, তাই এই জয় আমাদের বিশ্বাস আরও দৃঢ় করেছে।’

অন্যদিকে, ৪২ বছর বয়সী নিরাপত্তারক্ষী হাফেজুর ১৫ বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন। এই প্রথমবারের মতো বিগ টিকিট জিতেছেন তিনি। সহকর্মীদের মাধ্যমে লটারির সঙ্গে পরিচিত হন এবং ১০ জনের একটি দলের অংশ হিসেবে টিকিট কিনতে শুরু করেন।

লটারি জিতে হাফেজুর বলেন, ‘জয়ের খবর পেয়ে আমি আনন্দে অভিভূত হয়ে পড়ি। আমাদের দলের সদস্যদের মধ্যে এই অর্থ ভাগ করে দেওয়া হবে। এই অর্থ আমাদের জীবনে বড় পরিবর্তন আনবে। কেউ দেশের ঋণ শোধ করবে, কেউ পরিবারকে সাহায্য করবে। এই জয় আমাদের আরও উৎসাহিত করছে। আমাদের পরবর্তী স্বপ্ন হলো গ্র্যান্ড প্রাইজ জেতা।’

আয়োজকরা জানিয়েছেন, চলতি ফেব্রুয়ারিতে একজন ভাগ্যবান বিজয়ী দুই কোটি দিরহাম জিতে নিতে পারেন। মাসের বাকি থাকা একমাত্র সাপ্তাহিক ই-ড্রতে আরও দুজন বিজয়ী আড়াই লাখ দিরহাম করে জেতার সুযোগ পাবেন।

সূত্র : গালফ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest