Google search engine

সংযুক্ত আরব আমিরাতে মীরসরাই সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সংযুক্ত আরব আমিরাতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মীরসরাই সমিতির ২০২৫-২৭ কার্যকরী কমিটির অভিষেক ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) আমিরাতভিত্তিক এই অরাজনৈতিক ও মানবিক সংগঠনের নতুন কমিটির অভিষেক আজমান প্রদেশের আল হেলিও এলাকার আল শামসি ফার্ম হাউজে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে মীরসরাইসহ প্রায় দেড় হাজার প্রবাসী বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল পর্বে আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল আনোয়ারকে সভাপতি এবং সাইফুল ইসলাম সাইফকে সাধারণ সম্পাদক করে ১৯৬ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। পাশাপাশি, নুর উদ্দিন আসিফকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

এছাড়া, সাবেক সভাপতি সাইফুল ইসলামকে প্রধান পৃষ্ঠপোষক করে ৬ সদস্যবিশিষ্ট পৃষ্ঠপোষক কমিটি গঠন করা হয়। অন্যদিকে, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারউল্লাহ মিয়াকে প্রধান উপদেষ্টা করে ২২ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি নুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, উপদেষ্টা জি এস গিয়াস, এম মোরশেদ, মো. সাঈদ, আব্দুল কাইয়ুম, পৃষ্ঠপোষক সিরাজুল ইসলামসহ আরও অনেকে।

পুরো আয়োজনজুড়ে ছিল নানান আকর্ষণীয় কর্মসূচি। অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় প্রীতিভোজ, ক্রীড়া প্রতিযোগিতা এবং জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

সভায় বক্তারা মীরসরাই সমিতির মানবকল্যাণমূলক ভূমিকা তুলে ধরে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি, নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest