
পপ তারকা টেইলর সুইফট ‘আর ততটা আবেদনময়ী নন’ বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের কোম্পানি ট্রাম্প মিডিয়া এন্ড টেকনোলজি গ্রুপ প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, “আপনারা কি লক্ষ্য করেছেন, আমি ‘টেইলর সুইফটকে ঘৃণা করি’ বলার পর থেকে তাকে আর ততটা আবেদনময়ী লাগছে না?”
তবে ট্রাম্প ও সুইফটের এই দ্বন্দ্ব নতুন নয়। ২০২০ সালে প্রকাশ পাওয়া নেটফ্লিক্সের ‘মিস আমেরিকানা’ তথ্যচিত্রে নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরার পাশাপাশি ট্রাম্পের সমালোচনায় মেতে উঠেছিলেন টেইলর সুইফট।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ভুয়া ভিডিও শেয়ার করে ট্রাম্প জানিয়েছিলেন, নির্বাচনে তার পক্ষে প্রচারণা চালাবেন সুইফট।
ওই ভিডিও ছড়িয়ে পড়লে সুইফট জানিয়েছিলেন, ট্রাম্পের ওই ভিডিও এবং তার করা দাবির কোনো ভিত্তি নেই। বরং এর কিছুদিন পর ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসের হয়ে সুইফটকে প্রচারে নামতে দেখা যায়।
তখন থেকেই সুইফটের ওপর দারুণ ক্ষুব্দ ট্রাম্প। সেই সময় তিনি ট্রুথ সোশালে লিখেছিলেন, “আমি টেইলর সুইফটকে ঘৃণা করি।”























