
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য উচ্চপদস্থ রাজনীতিকদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে মার্কিন কর্তৃপক্ষ। অভিযুক্ত আসিফ মার্চেন্ট (৪৬) নিউইয়র্কে বর্তমানে হেফাজতে রয়েছেন।
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে বলেন, এই হত্যার ষড়যন্ত্র সরাসরি ইরানের পক্ষ থেকে পরিচালিত হচ্ছিল। এফবিআইয়ের মতে, আসিফ মার্চেন্ট নিউইয়র্কে একজন হামলাকারী ভাড়া করার চেষ্টা করছিলেন।
সিবিএসের বরাতে জানা যায়, হত্যার তালিকায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ছিল। গত জুনে ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হলেও এর মধ্যেই তার ওপর একটি হামলার চেষ্টা হয়েছে।
এফবিআইয়ের পরিচালক বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নাগরিকদের হত্যায় বিদেশি ষড়যন্ত্র চলছে। এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’
আরও পড়ুন: ট্রাম্পকে গুলি, হামলাকারী সহ নিহত ২
মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, আসিফ মার্চেন্ট গত এপ্রিলে পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসেন এবং এর আগে ইরানে অবস্থান করছিলেন। যুক্তরাষ্ট্রে আসার পরই তিনি সরাসরি হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত একজনের সঙ্গে যোগাযোগ করেন।























